দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বাড়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঝুঁকি অব্যাহত এবং যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাতের কারণে তেলে দামে উল্লেখযোগ্য দরপতন দেখা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৯ মিনিট নাগাদ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ১৬ সেন্ট বা ০.১৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ ডলার ৯৮ সেন্টে লেনদেন হচ্ছিল। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ৫৬ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫ ডলার ৪৫ সেন্টে দাঁড়ায়।
আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য উদ্ধৃত করে মঙ্গলবার বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়েছে। একই সময়ে গ্যাসোলিনের মজুত বেড়েছে ৫১ লাখ ২০ হাজার ব্যারেল। ডিস্টিলেটের মজুত বেড়েছে ৩ লাখ ৫১ হাজার ব্যারেল।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অব্যাহত উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি থাকায় তেলের দাম বেশি কমেনি।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী বুধবার জানিয়েছে, তারা দেশটির ওপর ইরানের বিমান হামলা প্রতিহত করেছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বাহরাইনে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার এক দিন পর এ ঘটনা সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত তীব্র হওয়ায় মঙ্গলবার তেলের দুই প্রধান সূচকের দামই বেড়েছিল। তবে একই সময়ে ইরান এবং মধ্যস্থতাকারী ওমান ও কাতারের মধ্যে আলোচনা চলছিল। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর হামলার ঘটনাও তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তথ্যসূত্র: রয়টার্স
এমজে